কোনটা কেনো — আমরা কারা
বাংলায় পণ্য কেনার আগে সৎ, নিরপেক্ষ পরামর্শ পাওয়া কঠিন। গুগলে কোনো পণ্যের নাম লিখে খুঁজলে সাধারণত দুই ধরনের ফলাফল আসে — সরাসরি ই-কমার্স প্ল্যাটফর্ম, যারা নিজেদের পণ্যই বিক্রি করতে চায়; অথবা এমন সব সাইট যেগুলো নামমাত্র কিছু তথ্য দিয়ে ছেড়ে দেয়, কোনো প্রকৃত সহায়তা করে না।
অথচ যিনি খুঁজছেন, তাঁর উদ্দেশ্য সাধারণত দারাজ বা অন্য কোনো মার্কেটপ্লেসে যাওয়া নয়। তিনি জানতে চান — এই বাজেটে কী কী অপশন আছে, কোনটা কার জন্য, আর কেন। ঠিক এই জায়গাটা পূরণ করার জন্যই কোনটা কেনো।
আমাদের লক্ষ্য
বাংলাদেশে রিভিউ ও রেকমেন্ডেশন কনটেন্টের সংস্কৃতি এখনো একদম প্রাথমিক পর্যায়ে। অনেকেই এখনো কোনো ওয়েবসাইটের পরামর্শ দেখে পণ্য কেনায় অভ্যস্ত নন, কারণ নির্ভরযোগ্য উৎস খুব কম। বাংলা ভাষায় এমন সাইট আরও কম।
আমরা চাই এই জায়গায় অগ্রপথিক হতে — যেখানে পাঠক নিরপেক্ষ তালিকা ও নিরপেক্ষ রিভিউ পাবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অপশন দেখতে পাবেন, এবং নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। এটি স্বল্পমেয়াদী কোনো প্রকল্প নয়; দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে সব ক্যাটাগরি কভার করার ইচ্ছা নিয়েই কাজ শুরু হয়েছে।
আমরা কীভাবে পণ্য বাছাই করি
স্বচ্ছতা রাখতে চাই বলেই পদ্ধতিটা খোলাখুলি বলছি। আমাদের তালিকাগুলো তৈরি হয় নিচের ভিত্তিতে:
- প্রকাশিত স্পেসিফিকেশন — নির্মাতার নিজস্ব ঘোষিত তথ্য থেকে ফিচার ও সীমাবদ্ধতা যাচাই করা হয়।
- বাস্তব বাজারদর — রকমারি, স্টারটেক সহ পরিচিত রিটেইলারের চলতি দাম মিলিয়ে দেখা হয়।
- ওয়ারেন্টি ও সার্ভিস — ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি ও দেশে সার্ভিস সেন্টারের প্রাপ্যতা বিবেচনা করা হয়।
- কার জন্য উপযুক্ত — প্রতিটি পণ্য কোন ধরনের ব্যবহারকারীর জন্য মানানসই, সেটি আলাদা করে বলা হয়।
- ব্যবহারকারী ও বিশেষজ্ঞদের মতামত — ক্রেতাদের রিভিউ, কমেন্ট ও সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ ব্যবহারকারীদের পর্যবেক্ষণ একসাথে মিলিয়ে দেখা হয়।
একটি কথা স্পষ্ট করে বলা দরকার: কিছু পণ্য আমরা নিজে ব্যবহার করেছি, তবে তালিকার প্রতিটি পণ্য নয়। যেগুলো নিজে ব্যবহার করা হয়নি, সেগুলোর মূল্যায়ন দাঁড়ায় প্রকাশিত স্পেসিফিকেশন, বাজারদর এবং ব্যবহারকারী ও বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে। যা করিনি, তা করেছি বলে কখনো দাবি করব না — এটুকু কথা দিচ্ছি।
কে লিখছেন
সাইটটি পরিচালনা করেন আবু হামজা। ২০২৫ সালের এপ্রিল মাসে কোনটা কেনো শুরু হয়, এবং তখন থেকে ধারাবাহিকভাবে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট গ্যাজেট, বই ও লাইফস্টাইল পণ্য নিয়ে গাইড প্রকাশিত হয়ে আসছে।
অ্যাফিলিয়েট সম্পর্কে
এই সাইটের কিছু লিংক অ্যাফিলিয়েট লিংক। অর্থাৎ সেই লিংক থেকে আপনি কিছু কিনলে আমরা সামান্য কমিশন পেতে পারি — আপনার কোনো বাড়তি খরচ ছাড়াই। এই আয় সাইটটি চালু রাখতে ও নতুন গাইড তৈরিতে সহায়তা করে।
কমিশন কখনোই আমাদের সুপারিশকে প্রভাবিত করে না। কোনো ব্র্যান্ড আমাদের অর্থ দিয়ে তালিকায় জায়গা কিনতে পারে না, এবং যে পণ্য আমরা সুপারিশ করার মতো মনে করি না, সেটিকে কমিশনের জন্য উপরে তোলা হয় না।
ভুল পেলে জানাবেন
দাম বদলায়, মডেল বন্ধ হয়ে যায়, স্পেসিফিকেশনও মাঝে মাঝে সংশোধন হয়। কোথাও ভুল বা পুরোনো তথ্য চোখে পড়লে যোগাযোগ পাতা থেকে জানালে আমরা তা যাচাই করে ঠিক করে দেব। পাঠকের আস্থাই এই সাইটের মূল ভিত্তি।
